কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগির সাথ ইঞ্জিনের ধাক্কায় এক রেলকর্মীসহ পাঁচ জন আহত হয়েছে। এ সময় দাড়িয়ে থাকা ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ওই ট্রেনটিতে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ট্রেন যাত্রীরা জানায়, চট্টগ্রাম থেকে আসা চাঁদপুরগামী ট্রেনটি মেঘনা ট্রেন রাত পৌনে ৮টায় লাকসাম রেলওয়ে জংশনের ৫ নম্বর লাইনে প্রবেশ করে। পরে ট্রেনটি চাঁদপুর যাওয়ার জন্য ইঞ্জিন সংযোগ করাকালে ট্রেনের বগিতে ধাক্কা লাগে। এ সময় ট্রেনের বগি ও ইঞ্জিনের মধ্যে সজোরে ধাক্কা লাগলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম – চাঁদপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান , এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বগি ও ইঞ্জিন উদ্ধারসহ রেললাইন মেরামত কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।

