কারফিউ দিয়ে গণহত্যা

কারফিউ দিয়ে গণহত্যা

সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ

জুলাই–আগস্টের আন্দোলনের সময় কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক এবং হত্যাকাণ্ডে সহায়তাসহ পাঁচটি অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শিল্পপতি সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি।

সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন মামলাটি ট্রাইব্যুনালের ১১ নম্বর কার্যতালিকায় ছিল।

শুনানির শুরুতে আসামিদের অব্যাহতি চেয়ে করা আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ পাঠ করে শোনান। এদিন সকালে পুলিশ প্রিজনভ্যানে করে কারাগার থেকে দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে।

এর আগে গত ৬ জানুয়ারি আসামিদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী শুনানি করেন। তিনি তার মক্কেলদের নির্দোষ দাবি করে অভিযোগ গঠন না করার আবেদন জানান এবং একইসঙ্গে অব্যাহতি চান। অপরদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এরও আগে, গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলাটির অভিযোগ আমলে নেয়। একই দিন সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, দীর্ঘ ১৫ বছরের অবৈধ শাসনকে টিকিয়ে রাখতে অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন সালমান এফ রহমান। এছাড়া ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার বিষয়ে তিনি জুনায়েদ আহমেদ পলককে পরামর্শ দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *