১১ বছর পর আবারও শুরু হচ্ছে মালয়েশিয়ার সেই বিমানের খোঁজ
এমএইচ৩৭০: ১১ বছর পর আবার শুরু হচ্ছে মালয়েশিয়ার নিখোঁজ বিমানের খোঁজ
আন্তর্জাতিক ডেস্ক | ২ মিনিটে পড়ুন
মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় বুধবার (৩ ডিসেম্বর) জানিয়েছে যে আবারও নতুন করে শুরু হচ্ছে এমএইচ৩৭০ বিমানের অনুসন্ধান অভিযান। খবর—রয়টার্স।
২০১৪ সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ বোয়িং ৭৭৭ বিমানটি হঠাৎই নিখোঁজ হয়ে যায়। এরপর একাধিক অনুসন্ধান চালানো হলেও কোনো সফলতা মেলেনি। প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছরের এপ্রিলেই দক্ষিণ ভারত মহাসাগরে সর্বশেষ অনুসন্ধান স্থগিত করা হয়।
এরই মধ্যে, অনুসন্ধানকারী প্রতিষ্ঠান ওশান ইনফিনিটি জানিয়েছে যে তারা আবারও সমুদ্রতলে ৫৫ দিনের নতুন অনুসন্ধান অভিযান শুরু করতে প্রস্তুত। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি এমন এলাকাগুলোতেই এবার অনুসন্ধান হবে, যদিও সুনির্দিষ্ট কোনো অবস্থান প্রকাশ করা হয়নি।
রয়টার্স জানায়, প্রাথমিক তদন্তে মালয়েশিয়ার কর্মকর্তারা বিমানটি ইচ্ছাকৃতভাবে পথভ্রষ্ট করা হতে পারে—এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি। ধারণা করা হয়, বিমানটির কিছু ধ্বংসাবশেষ আফ্রিকার উপকূল বা ভারত মহাসাগরের দ্বীপগুলোর দিকে ভেসে গেছে।
মালয়েশিয়া সরকার ও ওশান ইনফিনিটির মধ্যে চুক্তি অনুযায়ী, দক্ষিণ ভারত মহাসাগরের প্রায় ১৫ হাজার বর্গকিলোমিটার এলাকায় অনুসন্ধানের সময় উল্লেখযোগ্য কোনো ধ্বংসাবশেষ পাওয়া গেলে সংস্থাটিকে ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে।
তবে ২০১৮ সাল পর্যন্ত অনুসন্ধান চালিয়েও ওশান ইনফিনিটি বিমানের কোনো নিশ্চিত ধ্বংসাবশেষ খুঁজে পায়নি।

