ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানির দ্বিতীয় দিন চলছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি চলছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে এই আপিল শুনানি শুরু হয়।
এখন পর্যন্ত ৩৫ জন প্রার্থীর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে, যার মধ্যে ২৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ ছাড়া ৫ জনের প্রার্থিতা বাতিল বহাল রাখা হয়েছে এবং ২ জনের আপিল স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন প্রতিদিন গড়ে ৭০টি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, আপিল শুনানির প্রথম দিনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এবং কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদসহ মোট ৫২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রার্থিতা ফিরে পাওয়াসহ বিভিন্ন দাবিতে মোট ৬৪৫ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। এসব আপিলের শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছে ইসি।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর প্রতীক চূড়ান্ত হলে শুরু হবে মূল নির্বাচনী প্রচারণা।
