ইসরাইলে আগাম হামলার হুমকি দিলো ইরান!

ইসরাইলে আগাম হামলার হুমকি দিলো ইরান!


শত্রুদের বিরুদ্ধে আগাম হামলার হুঁশিয়ারি ইরানের

শত্রুদের যেকোনো হুমকি বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা ঠেকাতে আগাম হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রতিরক্ষামূলক কৌশল জোরদার করতে এই কাউন্সিল গঠন করা হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে। শুধু হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে, যেকোনো ‘দৃশ্যমান হুমকির লক্ষণ’ দেখলেই নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কাউন্সিল আরও জানায়, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা তাদের কাছে ‘লাল রেখা’। যেকোনো আগ্রাসনের জবাব হবে দৃঢ়, সমানুপাতিক ও চূড়ান্ত।

দেশটির ভেতরে মুদ্রাস্ফীতি ও মুদ্রার মান পতনের জেরে চলমান বিক্ষোভের মধ্যেই এই বিবৃতি এলো। যদিও এতে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে এতে ইসরাইলের সঙ্গে ইরানের উত্তেজনা আরও বাড়তে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাতে জানা গেছে, সম্প্রতি ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের হুমকি সরাসরি আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং এর কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, “যেকোনো আক্রমণকারীর হাত আমরা কেটে দেব।”


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *