বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া বর্তমানে নিয়মিত ও যথাযথ চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এই ধারা অব্যাহত থাকলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি সম্ভব। তবে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আপাতত এভারকেয়ার হাসপাতালেই তার চিকিৎসা চলবে।
তিনি আরও জানান, দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করছে এবং বোর্ডের পরামর্শ অনুযায়ীই তিনি চিকিৎসা নিচ্ছেন। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার বয়স ও দীর্ঘদিনের জটিল অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন হয়ে উঠেছিল। অতীতে পরিকল্পিত চিকিৎসা না পাওয়ায় জটিলতা আরও বেড়েছে, ফলে বর্তমানে তাকে কঠিন সময় পার করতে হচ্ছে। তবুও চিকিৎসকদের আশা, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

